টিকিট কালোবাজারি : গ্রেফতার সিস্টেম ইঞ্জিনিয়ারকে চাকরিচ্যুত করলো সহজ

২৮ এপ্রিল, ২০২২ ১০:৪৭  
ট্রেনের টিকিট বিক্রিতে কালোবাজারির অভিযোগে বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান সহজের (সহজ-সিনেসিস-ভিনসেন জেভি) সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম রেজাকে আটক করেছে র‍্যাব। এ ঘটনায় তাকে চাকরিচ্যুত করেছে সহজ কর্তৃপক্ষ। তবে সহজের ওই সিস্টেম ইঞ্জিনিয়ার রেজাউল করিম রেজাকে গ্রেফতারের বিষয়ে র‍্যাব আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সহজ কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী বুধবার (২৭ এপ্রিল) রাতে সহজ এর সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম রেজার জালিয়াতির ঘটনা হাতে-নাতে ধরা পড়ায় তাকে আটক করে র‌্যাব। আর এর পরিপ্রেক্ষিতেই ওই কর্মকর্তাকে তাৎক্ষণিক চাকরিচ্যুতির করা হয়েছে বালে জানিয়েছেন সহজের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ আহমেদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকিট কালোবাজারির অভিযোগে কমলাপুর রেলস্টেশন থেকে র‍্যাবের হাতে আটক রেজাউল করিম রেজা সহজ-সিনেসিস-ভিনসেন জেভির নিয়োগ করা একজন সিস্টেম ইঞ্জিনিয়ার। ঘটনাটি ‘অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সহজ। অভিযুক্তকে চাকরিচ্যুত করা হয়েছে। তার বিরুদ্ধে টিকিট কালোবাজারির মতো ঘৃণ্য অপরাধ ও প্রতিষ্ঠানের মানহানির অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে আরও বলা হয়, রেজাউল করিম কয়েক বছর ধরে রেলওয়ের টিকিট বিক্রয় পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন। রেল ব্যবস্থাপনার কাজ সুষ্ঠু ও অভিজ্ঞ কর্মী দ্বারা পরিচালনার লক্ষ্যে গত ২১ মার্চ তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। ভবিষ্যতে এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সহজ।